তন্ময়া সিরিজ গল্প: অচেনা অতিথি
তন্ময়া সিরিজ
গল্প: অচেনা অতিথি
![]() |
| তন্ময়া |
সন্ধ্যা থেকেই মনটা কেমন যেন অস্থির লাগছিল। যদিও বিপদের কোনো সম্ভাবনা নেই, তবু তন্ময়া নিশ্চিত হতে পারছিল না। রাত দশটায় “রিজেন্সি প্যালেস” থেকে গাড়ি আসার কথা। ভোর চারটায় ফ্লাইট, তাই বাড়ি থেকে যাওয়াটাই নিরাপদ মনে করে তন্ময়া ছোট একটা লাগেজ গুছিয়ে রেখেছিল।
রাত নয়টার দিকে দরজার কলিংবেল বেজে উঠল। এত রাতে কে আসবে? রাজউকের এই প্রকল্পের ভবনগুলোতে অনেকেই নতুন এসেছে। সন্ধ্যা হলে শেয়ালের ডাক শুনলে মনে হয় কোনো জনবিচ্ছিন্ন দ্বীপে এসে পড়েছি। কেউ ইন্টারকমেও যোগাযোগ করেনি।
“মা, দেখো তো কে এসেছে।”
তন্ময়ার মা দরজা খুলতেই দুজন সাদা পোশাক পরা লোক ঘরে ঢুকে পড়ল। ভয় পেয়ে তন্ময়ার মা জিজ্ঞেস করলেন,
“আপনারা কারা?”
“তন্ময়া কোথায়?”
“তন্ময়া? কে তন্ময়া? এখানে তো কেউ নেই।”
“আপনি চিনেন না তন্ময়া নামের কাউকে?”
দুজন লোক একে অপরের দিকে তাকিয়ে বলল, “মনে হচ্ছে ঠিক বাসা, তবে নাম পাল্টানো হয়েছে।”
“বাসায় কে কে আছেন?”
“আমার স্বামী আর মেয়ে।”
“আপনার মেয়ের নাম কী?”
“তনুশ্রী দাস।”
“তনুশ্রীকে ডেকে দিন।”
“তনু…” ডাকার আগেই তন্ময়া নিজের রুম থেকে বের হয়ে এলো। অচেনা দুজনকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করল,
“আপনারা কারা? কী চাই?”
তন্ময়ার দিকে তাকিয়ে একজন বলল, “হ্যাঁ, ঠিক আছে। আপনাকেই নিতে এসেছি। আমরা গোয়েন্দা বিভাগ থেকে এসেছি।”
“গোয়েন্দা বিভাগ! কেন? কোথায় যাব আমি?”
“আপনাকে আমাদের সাথে যেতেই হবে। বেশি প্রশ্ন করবেন না।”
তন্ময়া উত্তেজিত হয়ে বলল, “না, আমি কোথাও যাব না। আমাকে একটা ফোন করতে দিন।”
“না, কোনো ফোন করা যাবে না। তানহা, ওনার ফোনটা নিয়ে নাও।”
ওদের সাথে আসা একজন মহিলা তন্ময়ার ফোনটা নিয়ে নিল। তন্ময়া বুঝতে পারল, পিছু হটার উপায় নেই। কিন্তু কিছু একটা করার সুযোগ নিতে হবে।
“ঠিক আছে,” শান্ত হয়ে তন্ময়া বলল। “ফোন আপনারা নেন। তবে আমি একটু ওয়াশরুমে যাব।”
পুরুষ লোকটি মহিলাকে ইশারায় ওয়াশরুমের সামনে দাঁড়াতে বলল। তন্ময়া মায়ের পুরোনো বাটন ফোনটা হাতিয়ে নিয়ে দ্রুত “রিজেন্সি প্যালেস”-এ টেক্সট পাঠিয়ে দিল:
“ডিবি নিয়ে যাচ্ছে। সাহায্য করুন।”
ওয়াশরুম থেকে বেরিয়ে তন্ময়া মাথায় একটা ওড়না জড়িয়ে বেরিয়ে পড়ল। পেছনে তার বাবা-মা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল।
গত এক বছর ধরে তন্ময়ার ইনকাম ছিল বেশ ভালো। গ্রামের ছোট বাড়ি থেকে শহরে এসে আধুনিক অ্যাপার্টমেন্ট নিয়েছে। নতুন আসবাবপত্র, গাড়িতে যাতায়াত, ঝকঝকে জীবনযাপন। কিন্তু আজ এই অচেনা লোকগুলো এসে তন্ময়াকে তুলে নিয়ে যাচ্ছে কেন?
তন্ময়া সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, রিল বানায়, ফলোয়ার লাখ লাখ। তবে কি সেটা নিয়েই সমস্যা?
যাওয়ার সময় তন্ময়া মাকে শুধু বলল,
“চিন্তা করো না মা। সব ঠিক হয়ে যাবে।”
তবে তার মনের মধ্যে ঝড়ের মতো প্রশ্ন:
কী এমন ঘটল, যা তার জীবনকে এভাবে ওলট-পালট করে দিল?
.jpeg)
Comments
Post a Comment